ঢাকা: রাজধানীতে দুই হাজার ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত” সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা এক হাজার ৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আর ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রগুলোতে সাত জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম থাকবে। এছাড়া, ঢাকা মহানগর আটটি ডিভিশনে পৃথক কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সুবিধাজনক স্থানে মোতায়ন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। উদ্ধতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এসব ফোর্স দ্রুত যেকোন স্থানে মোতায়ন করা হবে।
তিনি বলেন, অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দার প্রান্তে উপস্থিত হয়েছে, তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত হয়েছি। ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন।