Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে থাকছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই নির্বাচনি কর্মযজ্ঞ পর্যবেক্ষণ করতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে বাংলাদেশে আসছেন মোট ৫৪০ জন বিদেশি অতিথি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে সবধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগত মোট ৫৪০ জন বিদেশি অতিথির মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংস্থা থেকে প্রায় ৬০ জন আসছেন। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আগমন ঘটবে প্রায় ৩৩০ জন পর্যবেক্ষকের। পাশাপাশি ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করতে বাংলাদেশে আসবেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

এ ছাড়া, তুরস্ক থেকে ১০ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল আসছে, যাদের মধ্যে ছয় জন সংসদ সদস্য রয়েছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচ জন করে প্রতিনিধি দল এবং রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, পাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যাদের সংখ্যা ২২৩ জন। এ ছাড়া, কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

বিশ্বব্যাপী গণভোট ও সংসদ নির্বাচনের খবর তুলে ধরতে উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে সাত জন সাংবাদিক রয়েছেন। পাশাপাশি বিবিসি নিউজ, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এনএইচকে, ডয়েচে ভেলে ও এবিসি অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও নির্বাচন কাভার করবেন।

এদিকে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সেখানে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর