ঢাকা: নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি এস পল কাপুর। সব ঠিক থাকলে ঈদের আগেই মার্চের শুরুতে তার ঢাকা আসার কথা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকার। আর এ নতুন সরকারের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অংশীদারিত্ব ও মসৃণ সম্পর্ক নিশ্চিত করতেই তার এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ৬ থেকে ৯ মার্চ ঢাকা আসার আগ্রহ ব্যক্ত করেছেন পল কাপুর। নতুন সরকার গঠনের পরপরই যুক্তরাষ্ট্র সম্পর্ক গাঢ় করার সংকল্প নিয়েছে। এ কারণেই পল কাপুরের সফর। পল কাপুরের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ও ওয়াশিংটন সূত্রগুলো। তবে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি না হলে মার্চের শুরুতেই পল কাপুর আসছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি পদের জন্য মনোনীত করেন। পরে তা মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটি অনুমোদন পায়। গত অক্টোবরে পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হয়।
গত বছরের জুন মাসে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। মনোনয়ন নিশ্চিত হলে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে কাজ করবেন।
পল কাপুর দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেছেন। ২০২০-২০২১ সালে পল কাপুর মার্কিন পররাষ্ট্র দফতরের পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। সে সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন। ওই দায়িত্ব পাওয়ার আগে পল কাপুর ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করতেন, পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন। তিনি আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি করেছেন।