Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সার আমদানিসহ চার ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সার আমদানিসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ৬৩৫ কোটি ৯১ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানা যায়, সভায় রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসি’র জন্য তিউনিশিয়ার জিসিটি থেকে ৪র্থ লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৫৩০ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৬২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৪৩১ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ লাখ ৮২ হাজার পিস জিনিএক্সপার্ট কার্ট্রিজ ক্রয়ে ব্যয় হবে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এটি সরবরাহ করবে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস।

অপর প্রস্তাবে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার পিস এন্টি টিবি ড্রাগ (4FDC) ক্রয় করা হবে। এটি সরবরাহ করবে ‘মেসার্স রেনেটা পিলএলসি’। এতে ব্যয় হবে ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।

সারাবাংলা/এসআর