ঢাকা: রাজধানীর ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর) সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭.৩০ টায় এ আসনের মাণিকনগর মডেল হাই স্কুল ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রটিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন উপস্থিত ভোটার ও পর্যবেক্ষকরা।
অভিযোগ অনুযায়ী, কেন্দ্রে দায়িত্ব পালনকারী অনেক পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের গলায় বাধ্যতামূলক পরিচয়পত্র দেখা যায়নি। নির্বাচন বিধিমালা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃশ্যমান পরিচয়পত্র বহন করা আবশ্যক। তবে বাস্তবে তা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এছাড়া এ এলাকার ভোটার নন এমন ব্যক্তিদেরও কেন্দ্রের ভেতরে ও আশপাশে অবাধে চলাফেরা করতে দেখা গেছে। এতে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বহিরাগতদের উপস্থিতি ভোটারদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে বলেও জানা গেছে।
ভোটগ্রহণ নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি বলেও অভিযোগ রয়েছে। সকালেই ভোট দিতে এসে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা করেন। এতে ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
অন্যদিকে, কেন্দ্রটিতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, পরিবেশগত অনিশ্চয়তা ও ব্যবস্থাপনার দুর্বলতা নারী ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।