ঢাকা: দেশব্যাপী আজ মহোৎসবে চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটের এই উতসব ৩০০টি আসনে হওয়ার কথা থাকলেও একটি আসনে হচ্ছে না কোনো ভোট উৎসব। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে হচ্ছে না ভোটউৎসব। একজন বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আকস্মিক মৃত্যুতে আজ এই আসনে কোনো ভোট হচ্ছে না।
কেন স্থগিত হলো নির্বাচন?
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যদি কোনো সংসদীয় আসনের চূড়ান্ত তালিকায় থাকা কোনো বৈধ প্রার্থী ভোটগ্রহণের আগে মৃত্যুবরণ করেন, তবে সেই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহে নেওয়ার পথে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসি জানিয়েছে, শেরপুর-৩ আসনে নির্বাচনের জন্য খুব শীঘ্রই নতুন তফসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে কিছু নিয়ম প্রযোজ্য হবে-
পূর্বের প্রার্থী: যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়ন বা জামানত জমা দিতে হবে না।
নতুন সুযোগ: তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে নতুন তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
মাঠে ছিলেন যারা
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। মরহুম নুরুজ্জামান বাদলের পাশাপাশি এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-
- মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি)
- আবু তালেব মো. সাইফুদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
- মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)
দেশের বাকি ২৯৯টি আসনে আজ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোট অনুষ্ঠিত হচ্ছে।