ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে। রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। পুরো এলাকায় সাধারণ চলাচল সীমিত করে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট।
নির্বাচন ভবনের দিকে যাওয়ার প্রতিটি প্রবেশদ্বারে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ভবনের দিকে প্রবেশকারী প্রত্যেককে পরিচয় যাচাই ও তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সশস্ত্র যান (এপিসি), জলকামান এবং ফায়ার সার্ভিসের ট্রাক প্রস্তুত রাখা হয়েছে।
মুলত ভবনে ঢুকতে কেবল ইসলামিক ফাউন্ডেশনের সামনে পথ খোলা রাখা হয়েছে। অন্যান্য পথে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
এক নজরে নির্বাচনি পরিসংখ্যান
এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় কর্মযজ্ঞ। এক নজরে দেখে নিন আজকের ভোটের মূল তথ্যগুলো:
আসন ও কেন্দ্র: ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। প্রার্থীর মৃত্যুতে স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনের ভোট। মোট ভোটকেন্দ্র ৪২,৬৫১টি।
ভোটার সংখ্যা: দেশের ১২ কোটি ৭৭ লাখের বেশি মানুষ আজ ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৫০টি রাজনৈতিক দলের মোট ২,০২৮ জন প্রার্থী লড়াই করছেন, যার মধ্যে ৮৩ জন নারী প্রার্থী।
পর্যবেক্ষক ও সাংবাদিক: ৩৯২ জন বিদেশি ও প্রায় ৪৫ হাজার দেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। সংবাদ সংগ্রহে রয়েছেন দেশি-বিদেশি প্রায় ৯,৭০০ সাংবাদিক।
মাঠে ৯ লাখেরও বেশি নিরাপত্তা কর্মী
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সারাদেশে অভূতপূর্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মাঠে রয়েছেন:
সেনাবাহিনী: ১ লাখ ৩ হাজার জন।
পুলিশ: ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন।
আনসার: ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন।
অন্যান্য: বিজিবি (৩৭,৪৫৩), র্যাব (৯,৩৪৯), নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও নিয়োজিত রয়েছেন।
এছাড়াও নির্বাচনী অপরাধ দমনে মাঠে রয়েছেন ২,১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতি ২ ঘণ্টা অন্তর আগারগাঁও থেকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে সারা দেশের ভোটের আপডেট জানানো হবে।