Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৮ আসনের ২০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট উৎসব

মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬

ঢাকা-১৮ আসনে ভোটারদের লাইন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৮। আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, উত্তরখান ও দক্ষিণখান এলাকা।

ভোটার ছয় লাখেরও বেশি। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯  জন। এর মধ্যে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আইন অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যেহেতু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাই ব্যালটে তার প্রতীক ‘কেটলি’ও রয়েছে। এ ছাড়া এই আসনে মূল প্রতিদ্বন্দিতা হচ্ছে ধানের শীষ, শাপলা কলি আর হাতপাখার প্রার্থীর মধ্যে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিন অন্তত ২০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। দুপুর ২টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান, এই আসনে সেনাবাহিনীর দায়িত্বে থাকা লে. কর্নেল মাহবুব।

উত্তরা-১৭ নম্বর সেকটরের ষোলহাটি প্রাথমিক বিদ্যালয় এই আসনের সর্বপশ্চিমের ভোট কেন্দ্র। অপরদিকে ষোলহাটি বা ১৮ নম্বর সেকটর থেকে পূর্বদিকে ১০/১২ কিলোমিটার দূরে রয়েছে মৈনার টেক প্রাথমিক বিদ্যালয়, মৈনার টেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। এসব কেন্দ্রে ঘুরে দেখা গেছে প্রচুর ভোটারের উপস্থিতি। দীর্ঘদিন পর ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা বেশ খুশি। ভোটারদের মধ্যে যেমন ১৮ বছর বয়সীরা আছেন তেমনি ৯৫ বছর বয়সের বৃদ্ধাও ভোট দিয়েছেন।

সকাল সাড়ে ৭টায় ষোলহাটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বাইরের পরিবেশ ভাল ছিল। পৌনে ৯টার দিকে ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ দেখা যায়। সেনাবাহিনী বহিরাগতদের দূরে সরিয়ে পরিবেশ শান্ত রাখছেন। এই কেন্দ্রে অনেকগুলো বুথ থাকায় লাইন তেমন বড় দেখা যায়নি। এরপর উত্তরা ১২ নম্বরে ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ১১ নম্বর সেকটরের মাইল স্টোন লরেন্স ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের বাইরে ও ভেতরে ভোটের পরিবেশ ভাল দেখা যায়।

সকাল সাড়ে ৯টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে শান্ত পরিবেশে ভোটগ্রহণ করতে দেখা যায়। দায়িত্বরত আনসার, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা জানান এখানের পরিবেশ শান্ত। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

সকাল ১০টার দিকে ফয়দাবাদ খন্দকার আদর্শ বিদ্যা নিকেতন কেন্দ্রের ভেতরে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ করতে দেখা যায়। এখানে ৮০ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধ ভোট দিতে পেরে খুশি বলে জানান। এই কেন্দ্রের কাছাকাছি আরও একটি কেন্দ্র ফয়দাবাদ লিটল স্টার হাই স্কুল। সেখানে ভাল পরিবেশ দেখা যায়।

ফয়দাবাদ মৈনার টেকে সবচেয়ে বড় কেন্দ্র মৈনার টেক প্রাথমিক বিদ্যালয়, মৈনার টেক হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। এখানে পাশাপাশি চারটি কেন্দ্রে প্রায় দশ হাজার ভোটার রয়েছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। তিনি বলেন, প্রথম দুই ঘণ্টায় ১০ শতাংশের মতো ভোট পড়েছে।

এরপর পর্যায়ক্রমে রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলায়েত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়, মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটার সবার একই বক্তব্য ঢাকা-১৮ আসনে দুপুর পর্যন্ত কোথায় গোলযোগের খবর পাওয়া যায়নি।

সকাল ৯টার দিকে উত্তরা-১১ নম্বরে সেকটরে মাইলস্টোন লরেন্স ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের সামনে ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে বলেন, আমি এ পর্যন্ত ৭/৮ টি কেন্দ্র ঘুরেছি। ভোটের পরিবেশ খুবই ভাল। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি বলে জানান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬

আরো

সম্পর্কিত খবর