ঢাকা: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়েও বিজয়ের দেখা পায়নি জাতীয় পার্টিসহ ৪২টি রাজনৈতিক দল। এবার মোট ৫১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ৯টি দল সংসদীয় আসনের খাতা খুলতে পেরেছে। বড় দুই জোটের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। মামলার জটিলতা ও ভোট স্থগিতের কারণে মোট ৩টি আসনের ফলাফল এখনো ঝুলে আছে।
নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে বিএনপি। দলটির নেতৃত্বাধীন জোট ও জামায়াত ইসলামীর জোটের বাইরে অন্য দলগুলোর অবস্থান ছিল অত্যন্ত নগণ্য।
বিজয়ী দলগুলোর আসন সংখ্যা
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯
- বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮
- এনসিপি (জামায়াত জোট) ৬
- বাংলাদেশ খেলাফত মজলিস (জামায়াত জোট) ২
- স্বতন্ত্র প্রার্থী ৭
- অন্যান্য (গণ-অধিকার, বিজেপি, গণসংহতি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন) প্রতিটিতে ০১ করে।
এবারের নির্বাচনে নিজেদের নাম হারাল যারা
নির্বাচনে অংশ নিয়েও কোনো আসন না পাওয়া ৪২টি দলের তালিকায় রয়েছে বড় ও পরিচিত বেশ কিছু নাম। বিশেষ করে জাতীয় পার্টি (জাপা) দীর্ঘ সময় পর সংসদীয় প্রতিনিধিত্বহীন হওয়ার পথে। এ ছাড়া এলডিপি, সিপিবি, জাসদ (উভয় অংশ), বাসদ, গণফোরাম ও এবি পার্টির মতো দলগুলো ভোটের লড়াইয়ে থাকলেও জয় ছিনিয়ে নিতে পারেনি। মূলত বিএনপি ও জামায়াত জোটের মেরুকরণে ছোট দলগুলো এবার কোণঠাসা হয়ে পড়েছে।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী
সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে অনুষ্ঠিত হওয়া গণভোটে বড় ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ’ পক্ষ।
ইসি’র তথ্যমতে- ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখ (৬৮.১%) ও ‘না’ ভোট ২ কোটি ৩০ লাখ (৩১.৯%)।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট দেওয়া হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ২৯৯টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী।
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি।