ঢাকা: নির্বাচনের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি কল আসে। যার বেশিরভাগই আইন-শৃঙ্খলা সংক্রান্ত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদের ৯৯৯ নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দিয়েছে। এই কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাতদিন চব্বিশ ঘণ্টা চলমান থাকে।
নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এই সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনি প্রচার, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে।
এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে।