ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাতে পারেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।