ঢাকা: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়াতে এ ঘটনা ঘটতে যাচ্ছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিব জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় অবস্থিত শপথ কক্ষে নবনির্বাচিত সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
সাধারণত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়ে থাকেন। তবে চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতিতে বর্তমানে জাতীয় সংসদ কার্যকর নেই। স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকারও দায়িত্ব পালনে অক্ষম।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। যদি স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে ব্যর্থ হন, তবে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সেই দায়িত্ব পালন করবেন। এই সাংবিধানিক বিধানের আলোকেই সিইসি এ এম এম নাসির উদ্দিনকে শপথ পড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আগামীকালের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের যাত্রার আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।