ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিরলা। ওই চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে এসব তথ্য জানান ওম বিরলা।
ভারতের লোকসভার স্পিকার লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি।
চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ভারতের লোকসভার স্পিকার আরও লেখেন, ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।