ঢাকা: শপথগ্রহণের মধ্য দিয়ে দেশে নতুন সরকার গঠিত হওয়ার পর এবার সচিবালয়ে নিজ দফতরে অফিস শুরু করতে যাচ্ছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে তার প্রথম কার্যদিবস অতিবাহিত করবেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে উপস্থিত হবেন। দফতরে যোগদানের পর তিনি প্রথমেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।
সচিবালয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের কর্মপরিকল্পনা নির্ধারণ ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই বৈঠকে মন্ত্রিপরিষদের সকল সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই প্রথম কার্যদিবসকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।