কক্সবাজার: রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছান বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
কক্সবাজারে পৌঁছে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিলাল এরদোয়ান। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। তারা বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে গিয়ে তুরস্কের সহায়তায় পরিচালিত ‘তার্কিস ফিল্ড হাসপাতাল’ পরিদর্শন করেন। পাশাপাশি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন।
শিবিরে অবস্থানকালে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। ম্যাচ শেষে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।
এই একদিনের সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং তুরস্কের বিভিন্ন সংস্থার মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা।
রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে আজ রাতেই কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টপুত্র বিলাল এরদোয়ানের।