Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ হবে অন্যতম ধনী রাষ্ট্র: নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৪

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে যথাযথ গুরুত্ব দিয়ে সুসংহত করতে পারলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন থাকলেও দেশ গড়ার কাজে তরুণদের কর্মস্পৃহা ও সৃজনশীলতা সবচেয়ে বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান তার বক্তব্যে দেশের বিশাল জনসংখ্যাকে অভিশাপ না ভেবে সম্পদে পরিণত করার ওপর জোর দেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না, কাজের জন্য দুটি হাত নিয়েও জন্মায়। আমাদের এই বিশাল জনশক্তিকে যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হয়, তবে বিশ্বের বুকে বাংলাদেশের চেয়ে ধনী দেশ খুব কমই থাকবে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

দেশের প্রাকৃতিক সম্পদ ও পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ বর্তমানে পানির তীব্র সংকটে ভুগছে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে জীবনধারণ করছে। অথচ বাংলাদেশে বর্ষাকালে বন্যার আধিক্য থাকে এবং খরা মৌসুমে পানির অভাবে হাহাকার পড়ে। যদি আমরা বর্ষার অতিরিক্ত পানি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করার ব্যবস্থা করতে পারি, তবে খরা মৌসুমে সেই পানি ব্যবহার করে কৃষি ও শিল্পখাতের সমস্যা দূর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান আরও বলেন, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের চিন্তাধারাকে মূলধারার কর্মপরিকল্পনায় যুক্ত করা অপরিহার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে যুবসমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যেখানে তারুণ্যের শক্তি ও জাতীয় উন্নয়নের মেলবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর