Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘৫২ থেকে ২৪ সংগ্রামের ধারাবাহিক চেতনাই আগামীর পথনির্দেশনা’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহান একুশে ফেব্রুয়ারির প্রভাতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণআন্দোলনের চেতনা মিলিয়েই বাংলাদেশের অগ্রযাত্রার ভিত্তি রচিত হয়েছে। এই চারটি ঐতিহাসিক অধ্যায়ের আত্মত্যাগ ও সংগ্রামই জাতিকে ভবিষ্যতের পথে দিকনির্দেশনা দেবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা শহিদরা আমাদের ভাষা ও আত্মপরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছেন, ১৯৭১ সালে বীর শহিদরা স্বাধীনতা এনে দিয়েছেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে এবং ২০২৪ সালের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচনা করেছে। এসব ঐতিহাসিক মাইলফলকের চেতনা ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথ তৈরি হবে।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরের কঠিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দল-মত-পথের ঊর্ধ্বে উঠে দেশের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বীর শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের দেখানো পথ অনুসরণ করেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর