ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. সাখাওয়াত হোসেন খানকে এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।