Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৪৪তম বিসিএস
১৪৯০ জনকে ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ৪৪তম বিসিএসে এক হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর এ নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়।

প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করে কমিশন। বাদ পড়াদের মধ্যে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম আহমেদ রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর