Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪

ছবি: এআই।

ঢাকা: দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

মূলত সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি কাঠামোর আওতায় এনে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে এই কার্ড সবার জন্য নয়; নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে কেবল প্রকৃত অভাবী পরিবারগুলোই এই সুবিধার আওতায় আসবে।

সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ সাত ধরনের পরিবারকে এই কার্ড দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। এর মধ্যে রয়েছে:

বিজ্ঞাপন
  • ভূমিহীন ও গৃহহীন পরিবার।
  • যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন,
  • অনগ্রসর জনগোষ্ঠী যেমন— হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী।
  • যাদের জমির পরিমাণ দশমিক ৫ একরের কম।
  • হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবার।

সবাই এই কার্ডের আওতায় আসবেন না। সরকারের নীতিমালা অনুযায়ী, সচ্ছল এবং নির্দিষ্ট কিছু সুবিধাভোগী ছয় শ্রেণির মানুষকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। যারা এই কার্ড পাবেন না:

১. পরিবারের কেউ যদি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী হন।

২. পরিবারের কোনো সদস্য যদি সরকারের পেনশনভোগী হন।

৩. যাদের বাড়িতে এসি (Air Conditioner) ব্যবহার করা হয়।

৪. ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো বিলাসবহুল সম্পদের মালিক।

৫. বড় কোনো ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকানা থাকলে।

৬. উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত পরিবার।

প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করার পর প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি নির্বাচিত পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবে। স্বচ্ছতা বজায় রাখতে সহায়তার এই টাকা সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে। সরকার একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছে যেখানে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সুবিধাভোগীদের তথ্য সংরক্ষিত থাকবে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রথম পর্যায়ের কার্ড বিতরণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাইলট প্রকল্পের সফলতার পর ইউনিয়ন পরিষদ ও অনলাইন পোর্টালের মাধ্যমে দেশজুড়ে আবেদনের সুযোগ তৈরি করা হবে।

বিজ্ঞাপন

মশার রাজত্বে অতিষ্ঠ জনজীবন, দায় কার?
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর