Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ এপ্রিল পর্যন্ত ইসির কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনের ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৯ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সেসঙ্গে নির্ধারিত অফিস সময়ের পরেও তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়ি চালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন।

বিজ্ঞাপন

এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক স্ব-স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বৈশাখী মেলায় ঐতিহ্যের রঙ
১৪ এপ্রিল ২০২৬ ১৪:০০

আরো

সম্পর্কিত খবর