ঢাকা: দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্রে যাত্রার সুযোগ পেয়েছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্রের চর্চার সুযোগ পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আজ এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য। আসুন আল্লাহর কাছে রহমত চাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার রহমত আল্লাহ যেন আমাদের দেন।’
তিনি জামায়াতে ইসলামীর আমিরসহ সবাইকে ধন্যবাদ দেন তাকে দাওয়াত দেওয়ার জন্য।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ও ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
ইফতারির আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১১দলীয় ঐক্যের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।