ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রোববার (১ মার্চ) এই সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামি শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইর মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এ প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, ‘ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামিক সংগঠনসমূহের সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ইসলামি শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।
উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমিরের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজি রোজাইমি।