ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ আবারো শীর্ষ পাঁচের মধ্যে উঠে এসেছে।
সোমবার (২ মার্চ) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্যানুয়ায়ী, ঢাকা ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহরের অবস্থানে রয়েছে। আজ সকাল ৯টার দিকে পাওয়া এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নগরবাসীর জন্য বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
তালিকায় যথারীতি শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার দূষণ স্কোর ২৯০। লাহোরের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এরপর ১৯০ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ১৮৪ স্কোর নিয়ে কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা উজবেকিস্তানের তাসখন্দের ঠিক পরেই রয়েছে ঢাকা। দীর্ঘ সময় ধরেই ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিত নাম লেখাচ্ছে, যা পরিবেশগত সংকটের তীব্রতাকেই ফুটিয়ে তোলে।
সাধারণত বাতাসের মান নির্ধারণকারী সূচক বা একিউআই (AQI) স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫২ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। আজ ঢাকার স্কোর ১৭৪ হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে নির্মাণাধীন এলাকার ধুলোবালি এবং যানবাহনের কালো ধোঁয়া ঢাকার এই বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে কাজ করছে।