ঢাকা: রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়ক পরিবহণ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বৈঠক হয়। এ সময় রাজধানীর গণপরিবহণে নারীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পরে প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রেস সচিব আরও জানান, নারী যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে দিয়েছেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হলে রাজধানীতে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।