ঢাকা: বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, আরও ছয় সংসদ সদস্য হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার (৩ মার্চ) শপথ নিতে পারেন। তারা জাতীয় সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।