ঢাকা: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যাতে হয়রানির স্বীকার না হয় সেলক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কম আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদেরকে অগ্রাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
বিমানমন্ত্রী আরও বলেন, এয়ারলাইন্সগুলো যাতে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও আপডেট তথ্য প্রদান করে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।
অপতথ্যের কারণে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের পরিবহনের উদ্যোগ নেওয়ার ব্যাপারেও সভায় বিশদ আলোচনা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য দেন।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেসরকারি এয়ারলাইন্স এর প্রতিনিধিরা।