Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের এনআইডি জট কাটাতে ইসি’র কড়া নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২১:৩৬ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ২১:৩৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরবর্তী সময়ে পেন্ডিং থাকা স্থানীয় তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এক চিঠিতে এই আদেশ দেন। বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে কমিশন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেছেন। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে বায়োমেট্রিক প্রদানকারী প্রবাসী ভোটারদের অসংখ্য স্থানীয় তদন্ত কার্যক্রম পেন্ডিং হয়ে আছে। প্রবাসীদের দুর্ভোগ কমাতে এই তদন্তগুলো দ্রুত সম্পন্ন করে আবেদনগুলো নিষ্পত্তির তাগিদ দিয়েছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে বিশ্বের ১১টি দেশে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র।

প্রাথমিকভাবে ১১টি দেশে কার্যক্রম শুরু হলেও আরও ২৯টি দেশে অগ্রাধিকারভিত্তিতে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির। তালিকায় রয়েছে ওমান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, মালদ্বীপ, তুরস্ক এবং ব্রাজিলসহ মোট ২৯টি দেশ।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের এনআইডি প্রাপ্তি সহজ করতে মাঠপর্যায়ের তদন্ত প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর