ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ মার্চ) কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য উন্মুক্ত করা হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল আগেই ঘোষিত হয়েছিল, যার কেন্দ্রভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান এবার প্রকাশ করা হলো।
এদিকে, আইনি জটিলতা ও মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর এই দুই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিন অর্থাৎ ৯ এপ্রিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করার পর নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।