Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমান জনগণের খাদেম হিসেবে নিয়োগ দিয়েছেন, বাহাদুরির জন্য নয়’

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৭:০১

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ঢাকা: তারেক রহমান জনগণের খাদেম হিসেবে আমাদের নিয়োগ দিয়েছেন, মন্ত্রী বলে বাহাদুরিরর জন্য নিয়োগ দেননি বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের হিফজুল কোরান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এর আগে দুদিন ধরে ছাত্রদলের কোরান তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করে আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে ইসলামের ধারক-বাহক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহীম, আল্লার প্রতি আস্থা ও বিশ্বাস যোগ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে আলেমদের অবস্থা কেমন ছিল, আপনারা জানেন। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে; কোনো কম্প্রোমাইজ ছাড়া। আল্লাহর হুকুম অনুযায়ী চললে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে।

অনুষ্ঠানে তিনি বলেন, কওমি মাদরাসাকে সুসংগঠিত করতে হবে, সহযোগিতা করতে হবে; যেন তারা সারাদেশে কোরানের আলো ছড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তো ঘোষণাই দিয়েছেন মদিনা সনদের কথা। তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন ২ রাকাত নফল নামাজ পড়ে। তার বিরুদ্ধে ইসলামের দুশমনেরা ষড়যন্ত্র করছে তিনি যেন কাজ করতে না পারেন। এ জন্য তার জন্য দোয়া করতে হবে।

তিনি আরও বলেন, আমি প্রধান অতিথি নয়, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। যেকোনো সময় ডাক দিলে আপনাদের কামলা হিসেবে আমাকে ডাকবেন। তারেক রহমান জনগণের খাদেম হিসেবে আমাদের নিয়োগ দিয়েছেন, মন্ত্রী বলে বাহাদুরিরর জন্য নিয়োগ দেননি।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধর্মমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ক্বারি আহমদ বইন আজহারী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর