Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৯:৩৭

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়ন নিশ্চিতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মপরিকল্পনা সফল করতে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’-এর সভা অনুষ্ঠিত হয়। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সরকারি নার্সারির পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সারি থেকেও প্রয়োজনীয় চারা সংগ্রহ করে কর্মসূচির পরিধি বিস্তৃত করা হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় সারাদেশের খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই ধার, বনাঞ্চলের অনাবাদি স্থান এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করা হবে বলে জানানো হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে বৃক্ষ রোপণ করবে এবং তার পরিচর্যার দায়িত্বও পালন করবে।

সরকারের আশা, পরিকল্পিত এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর