ঢাকা: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় সরকারি দফতরে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ সংক্রান্ত চিঠি সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি। এ কারণে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনসহ সব সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা-দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।
অফিস কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার বন্ধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা পরিহার, সরকারি গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।