Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বাতাসে দূষণ কিছুটা কম

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১২:৫৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৪:১৬

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন বৃষ্টির দেখা না থাকায় এবং আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা প্রায়ই বেশি থাকছে। তবে গত দুই দিনে দূষণের মাত্রা কিছুটা কমেছে।

রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এসব তথ্য জানায়।

তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দেশটির আরেক শহর করাচির অবস্থান অষ্টম, যেখানে একিউআই স্কোর ১৬৩।

টানা দুই দিন শীর্ষে থাকার পর শনিবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। তবে আজ রাজধানীর অবস্থান নেমে এসেছে নবমে। ঢাকার একিউআই স্কোর ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২৪১—এটিও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। ভারতের আরেক শহর কলকাতার অবস্থান সপ্তম, যেখানে একিউআই স্কোর ১৭১।

এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে কঙ্গোর কিনশাসা, ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে সেনেগালের ডাকার, ১৭১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং ১৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আর একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর