Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৩:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে মরণোত্তর সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল, যিনি পরবর্তীতে বেগম খালেদা জিয়া নামে পরিচিত হন। শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে উত্তরবঙ্গে।

বিজ্ঞাপন

মাত্র ১৫ বছর বয়সে ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি সেনা পরিবারের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হন এবং দেশের বিভিন্ন স্থানে বসবাসের অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন; সেই সময়ের ভয়াবহতা ও সংগ্রামের সাক্ষী ছিলেন খালেদা জিয়া।

রাজনীতিতে তার উত্থান ঘটে ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর। রাজনৈতিক অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ধীরে ধীরে তিনি বিএনপির নেতৃত্বে আসেন এবং দলটির প্রধান হয়ে ওঠেন।

তিনি ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী সরকারপ্রধান।

২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়। পরবর্তীতে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির সময় নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা নেন খালেদা জিয়া। পরে গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ভোরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর