Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা নিরাপদ করতে সমন্বিত কর্মসূচি নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৫

ঢাকা: পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

ইদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্যও নির্দেশনা দেন তিনি।

রোববার (৮ মার্চ) সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সারাদেশের জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা দিয়েছেন। ঈদ যাত্রায় সেতু পারাপারের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জ থাকলে তা চিহ্নিত করে তার সমাধানের জন্য সম্মানিত স্টেকহোল্ডার এবং বাস মালিকদের সঙ্গে সভা করার নির্দেশনা দেন। তিনি যাত্রীসাধারণকে ধৈর্য ধারণ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভায় সচিব সেতু বিভাগ বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রয়েছে, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে। এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য পরামর্শ দেন।

এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর