ঢাকা: ফিলিপাইনে আয়োজিত একটি আন্তর্জাতিক নির্বাচনি সম্মেলনে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সম্মেলনে কমিশনের প্রতিনিধিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ফিলিপাইনের ম্যানিলায় ‘সেভেন্থ এশিয়ান ইলেকটোরাল স্টেকহোল্ডার ফোরাম’র (AESF-VII) সম্মেলন অনুষ্ঠিত হবে। ফিলিপাইন নির্বাচন কমিশন আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাবেন তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান।
জানা গেছে, সম্মেলনের যাবতীয় খরচ ফিলিপাইন নির্বাচন কমিশন বহন করবে। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিমান ভাড়া বহন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি আগামী ২০ এপ্রিল ফিলিপাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং সম্মেলন শেষে ২৪ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক নির্বাচনি সম্মেলনে যোগ দিতে ফিলিপাইন যাচ্ছে নির্বাচন কমিশন
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৭:৪৭
৯ মার্চ ২০২৬ ১৭:৪৭
সারাবাংলা/এনএল/এইচআই