ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক সহায়তা ও সহযোগিতার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউইওএম)।
সোমবার (৯ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের নিরাপত্তা বিশেষজ্ঞ রজার ক্লেটন ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত একটি কৃতজ্ঞতা পত্র হস্তান্তর করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব, চমৎকার সমন্বয় এবং দ্রুত সাড়া প্রদানের ফলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কাজ অনেক সহজ হয়েছে। এর ফলে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ, নীতিনিমালা এবং ভোটগ্রহণের কার্যপদ্ধতি স্পষ্টভাবে বুঝতে পেরেছে মিশনটি।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের আন্তরিক সহযোগিতা ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে কাজের ধারাবাহিকতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। পুরো নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এমন কার্যকর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ইইউ মিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের মোট ২২৩ জন সদস্য ভোট পর্যবেক্ষণ করেন। নির্বাচন চলাকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা প্রদান করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন।