ঢাকা: বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ১৮ হাজার ৮৬৫ জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ৩ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুলালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরেন্টো, জাপানের টোকিও, আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস, মালদ্বীপের মালে, ওমানের মাস্কাট, দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া- মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন আবেদন করেছেন। তদন্তের পর আবেদন বাতিল হয়েছে ১৮ হাজার ৪৫৪ জনের। আবেদন তদন্তের পর কমিশন অনুমোদন করেছে ৩৯ হাজার ৭ জনকে। তদন্তাধীন রয়েছে ৩ হাজার ৬৬ জনের আবেদন।
আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট হয়েছে ১৮ হাজার ৮৬৫টি। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি। প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে ৫ হাজার ৩৯৮ জনের এনআইডি।
জানা গেছে, সবচেয়ে বেশি আবেদন এসেছে আমিরাত থেকে ২৩ হাজার ৭৬টি। এনআইডি প্রিন্ট হয়েছে ৯ হাজার ১০টি। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। এ দেশ থেকে আবেদন পড়েছে ১৫ হাজার ৩৪৯টি। তদন্তের পর এনআইডি প্রিন্ট ও দূতাবাসের পাঠানো হয়েছে ৪ হাজার ২৪৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে দক্ষিণ আফ্রিকায় ১১৫টি। কোনো এনআইডি এখনো প্রিন্ট হয়নি।