Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট 
১১ মার্চ ২০২৬ ১৩:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net
ঢাকা: জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যরা, বিদেশী কুটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যরা, বিদেশী কুটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।
ওই অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আগামী ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ 
১. ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি: ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখি যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে। সকল প্রকার যানবাহন চালকদের আগামী ১২ মার্চ সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর