ঢাকা: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের জন্য জমা পড়া প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) ঝুলে আছে। তবে কমিশন আশ্বস্ত করেছে, এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মাসিক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।
ইসির এনআইডি অনুবিভাগ থেকে জানা গেছে, আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে। এ আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি কীভাবে করা যায় তা নিয়ে মূলত আমাদের আজকের এ মাসিক সমন্বয় সভা। এ ছাড়া সচিবালয়ের নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি আমার সকল কর্মকর্তাদের সহযোগিতায়।’
তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো যা এ কয়েক মাসে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।
কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না বলেও জানান তিনি।