Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের দায়িত্ব সংসদ নেতাকে দেওয়া হয়েছে: চিফ হুইপ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:১১

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, এই সিদ্ধান্ত সংসদ নেতা দেবেন, আমরা বৃহস্পতিবার (১২ মার্চ) জানতে পারব।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের পশ্চিম ব্লকে সরকারি দলের সংসদীয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম বলেন, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। আমরা সভাপতির চেয়ার খালি রেখে অধিবেশন শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন। সংসদ নেতা একজন সিনিয়র সদস্যকে অধিবেশনে সভাপতিত্ব করার প্রস্তাব করবেন এবং একজন সমর্থন করবেন। তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন সংসদ নেতা। একজন সমর্থন করবেন। এরপর রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। শপথের পর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তারপর শোক প্রস্তাব উত্থাপন হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা হবে। জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে, দেশবরেণ্য যারা শহিদ হয়েছেন তাদের সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের ১৩৩টা অর্ডিন্যান্স উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর ২০২৪ সালের কর্মকমিশনের যে কাগজ সংসদে উত্থাপন হয়নি তা উত্থাপন করব। এরপর আমাদের সংসদ নেতা বক্তব্য দেবেন। মাঝে ছোট একটা কাজ করব, পাঁচটা কমিটি আছে এরমধ্যে দুটা বা তিনটা কমিটি করা হবে। বিজনেস অ্যাডভাইজরি কমিটি ও বিশেষ কমিটি করব। তারপর অধিবেশন মুলতবি হবে।

এদিকে সংসদের একটি সূত্র জানিয়েছে, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন। তবে বিষয়টি বৃহস্পতিবারই অফিসিয়ালভাবে জানা যাবে।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর