Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৭:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এসব রোগ প্রতিরোধে জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ এরই মধ্যে বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছে। তবে সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড়ে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এ রোগ থেকে বাঁচতে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এই রোগ আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময় মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।’

তিনি জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে। তাই মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা, নর্দমা কিংবা যেসব স্থানে পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, বাসার ছাদ বা আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। পানির ট্যাংক অবশ্যই ঢেকে রাখতে হবে এবং অন্তত সপ্তাহে একবার বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যেই আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। স্থানীয় প্রশাসন এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

প্রধানমন্ত্রী দেশের সব সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।’ নিয়মিত এই কার্যক্রম চললে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম মূলনীতি হলো—প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।’ তাই কোথাও ময়লা পানি জমে থাকতে না দেওয়া, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর