Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১২:৩০

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ঢাকা: জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আপনারা ক্রিকেট খেলা দেখেন, আমিও একজন সাবেক খেলোয়াড়, ক্রিকেটে দুজন আম্পায়ার থাকেন, এখন আপনাদের সামনে আমরা দুজন আম্পায়ার আমি আর ডেপুটি স্পিকার। সংসদে সরকারি দল ও বিরোধীদল যাতে সঠিকভাবে কার্যক্রম করতে পারে সে জন্য নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জিয়া উদ্যানে শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সরকার ও বিরোধীদল উভয়ে মিলে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের উদ্যোগ নেবেন এটা কামনা করছি। গতকালকে (বৃহস্পতিবার) প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে, আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এ দেশের জনগণের সব আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

বিরোধীদলের ওয়াক আউট করা নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদে ওয়াক আউট করা দীর্ঘদিনের প্রচলিত রীতি। তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব, আগামী দিনগুলোতে ওয়াক আউট করার সময়, তারা সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না, যাতে আবার ফ্যাসিস্টের পুনরুত্থান করার সুযোগ হয়।

তিনি বলেন, আমরা সরকারি দল, বিরোধীদল এবং সব রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম, আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের ওপর আর যেন কোনো আঘাত না সেজন্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাব, এটাই আমাদের একান্ত কামনা।

স্পিকার হওয়ার পর দল থেকে পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগেও সম্ভবত এরকম প্রচলন ছিল, তবে আমি মনে করেছি নিরপেক্ষতার খাতিরে আমার ৩৪ বছরের পুরোনো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি। যাতে বিরোধীদলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে। একই সঙ্গে ডেপুটি স্পিকারও এ ধরনের উদ্যোগ নিয়েছেন।

সামনের দিনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্কের সৃষ্টি করা হয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবে, সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ, দেখেন, একটি দলকে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়েছে, এটা যদি জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো, ঝঞ্ঝাক্ষুব্ধ। একটা বেসামাল সংসদ হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ জনগণ সঠিকভাবে রায় দিয়েছে, যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়।

বিরোধীদলের নেতা বলেছেন, আপনাদের মাধ্যমে সুবিচার পাবেন। আপনি কি মনে করেন, এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিশ্চয়ই পাবেন।

সংসদে প্লেকার্ড প্রদর্শন করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আগেও দেখা গেছে, সুশৃঙ্খলভাবে করলে কোনো সমস্যা নেই। তবে ওপরে স্পিকারের পোডিয়ামের দিকে আসার চেষ্টা করা ঠিক না। যতটুকু করেছে, আগামীতে তারা আরও সুশৃঙ্খল হবেন এটাই আশা করি।

এসময় তার সঙ্গে ছিলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর