ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার আকুতি জানানো এতিম জান্নাতীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত পাঁচ মাস ধরে মেরুদণ্ডের ‘স্পাইনাল কর্ড’ ইনজুরিতে শয্যাশায়ী জান্নাতীর একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
ভিডিওটি তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি অবিলম্বে তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
তারেক রহমানের সেই নির্দেশনার প্রেক্ষিতে আজ ( ১৩ মার্চ ) শুক্রবার সাভারের ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’-তে জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান সংগঠনের একটি প্রতিনিধি দল।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি জান্নাতীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
মূলত মেরুদণ্ডের জটিল সমস্যার কারণে জান্নাতীর শরীরের অধিকাংশ অংশ অবশ হয়ে গেছে, যার ফলে তিনি বর্তমানে স্বাভাবিক চলাচলে পুরোপুরি অক্ষম।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, বাবা-মা হীন জান্নাতী অসহায় অবস্থায় সিআরপিতে চিকিৎসাধীন ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আকুল আবেদনটি তারেক রহমানের নজরে আসার পরই এই জরুরি মানবিক পদক্ষেপ নেওয়া হয়। জান্নাতীর চিকিৎসায় এই সহায়তা দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে সাধারণ মানুষের যেকোনো সংকটে তারেক রহমান ও তার নির্দেশিত সংগঠনগুলো সবসময় সজাগ ও তৎপর রয়েছে।