ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আজ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ১৪ দিনে মধ্যপ্রাচ্যগামী ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হলো।
শুক্রবার (১৩ মার্চ) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আর এই কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হলো।
তিনি বলেন, আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি ও গালফ এয়ারের (বাহরাইন) ৪টি।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৮টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।