Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৫:২৯ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৪২

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ঢাকা: দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, দেশের জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সেবা পেতে পারে, সে জন্য পরিবহন সেক্টরসহ সব পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানী ও চাঁদামুক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে নানা ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সকল ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরিবহন খাত নয়, প্রশাসনিক ও সেবামূলক বিভিন্ন ক্ষেত্রেও শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, বাস টার্মিনালে মলমপাটি, ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার জন্য সার্বক্ষণিক ভিজিলেন্স টিম হিসেবে কাজ করছে।

গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এ সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মো. আনিসুর রহমান, মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।