Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৪১

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা: গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’

মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিজ্ঞাপন

ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল।

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।

গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি।

সড়কে যাতে বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রীম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। সেটা কার্যকর হচ্ছে। ভাড়া এখনো বাড়েনি। অগ্রীম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, জ্বালানি সংসট কেন্দ্র করে সেটা আমরা বলে দেওয়ার পর আর অগ্রীম টিকিট ফেরত দেওয়া হয়নি। বহাল আছে। সড়ক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় বড় পাম্প ঈদের আগে সাত দিন, ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

তিনি বলেন, আমরা ২০৭টি স্পট চিহ্নিত করেছি, যেখানে যানজট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সেখানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সেকটরের সাথে যারা জড়িত, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক পুলিশ সুপারের সমন্বয়ে ২০৭টি স্পটে যাতে কোনো যানজট না হয়, তার পর্যপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করেছি। সবকিছু মিলে আমরা একটি ভাল ঈদ যাত্রা, জনবান্ধন করতে চাই। আরামদায়ক ভ্রমন, যাত্রীরা যাতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারেন। সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ রাতে সুসংবাদ পাবেন। রাত থেকে দূরপাল্লার পাবলিক পরিবহনে আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন।