Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ ও শেরপুর-৩ ভোটে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:১৭

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‎রোববার (১৫ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা ও তদারকি ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে ভোটের অন্তত তিন দিন আগে (৬ এপ্রিল) থেকে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব কক্ষে সিসি ক্যামেরা থাকবে, সেখানেই ভোট গণনা সম্পন্ন করতে হবে। সেইসঙ্গে নির্বাচন পরবর্তী পর্যালোচনার জন্য সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ ও তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করার ফলে এ আসনের প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন।

‎গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো