ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭–এর জনগণের দৈনন্দিন কার্যক্রম তদারকির জন্য প্রতিনিধি নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে এ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭–এর জনগণের প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জয়ী হয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।