Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শেষ হচ্ছে ৭ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৬:৫১

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

ইসি কর্মকর্তারা জানান, দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থী বা সমর্থক প্রচার চালালে আইন অনুযায়ী প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

জানা গেছে, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন করবে ইসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর